“আবার একটিবার”
কে এম মন্জুর হোসেন খান ||
আবার একটিবার,
তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে।
যেভাবে প্রথম বৃষ্টির ফোঁটা-
নিঃশব্দে ছুঁয়ে যায় শুকনো মাটি,
ঠিক সেভাবেই,
তোমার হাতের উষ্ণতায়
হারিয়ে যেতে ইচ্ছে করছে।
অনেক কথা জমে আছে—
বলা হয়নি, শোনাও হয়নি।
আজ সেসব শব্দ,
তোমার চোখের গভীরে রেখে,
নীরবে পড়ে থাকতে ইচ্ছে করছে।
তোমার খুব কাছে এসে,
এক মুহূর্ত নিঃশ্বাসের শব্দ শুনতে,
তোমার কাঁধে মাথা রেখে-
সমস্ত ক্লান্তি নামিয়ে রাখতে,
খুব ইচ্ছে করছে।
তোমাকে জড়িয়ে ধরে,
অনুভব করতে ইচ্ছে করছে—
পৃথিবীর সব আশ্রয়,
হয়তো একটিমাত্র মানুষের-
দুটি বাহুতেই লুকিয়ে থাকে।
যদি সময় থেমে যেত,
যদি, আর কোনো বিদায়ের ভয় না থাকত,
তবে, তোমার কপালে-
একটি দীর্ঘ চুম্বনের মতো,
আমার সমস্ত ভালোবাসা
নিঃশব্দে এঁকে দিতাম।
আবার একটিবার—
শুধু একটিবার,
তোমার চোখে চোখ রেখে, বলতে ইচ্ছে করছে,
"ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না;
শুধু মানুষগুলো দূরে সরে যায়।"
তবু জানো,
আমার ভেতরে আজও
একটি ঋতু তোমারই নামে বেঁচে আছে—
যে ঋতু প্রতিদিন
তোমাকেই নতুন করে
ভালোবাসতে শেখায়।
=======“আবার একটিবার”=======

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন