“অপূর্ণ অধ্যায়”
কে এম মন্জুর হোসেন খান ||
আমি তো তোমার পৃথিবীর কেন্দ্র নই,
নই তোমার স্বপ্নের সেই কাঙ্ক্ষিত পুরুষ।
তবু কোনো অদৃশ্য দিগন্ত
আজও নীরবে আমার নাম ধরে ডাকে—
হয়তো কোনো অপূর্ণ গল্পের
শেষ অধ্যায় হয়ে থাকার জন্য।
আমি একদিন, নিজেকে সমর্পণ করতে চেয়েছিলাম;
পৃথিবী নামের বিশাল অস্তিত্বের কাছে।
ভেবেছিলাম,
কেউ একজন, আমার নীরবতার ভাষা পড়বে,
চোখের ভেতর জমে থাকা-
অপ্রকাশিত শব্দগুলোর, মানে বুঝবে।
কিন্তু, পৃথিবী আমাকে পড়েনি।
খুলেও দেখেনি, আমার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা—
অসংখ্য অক্ষরের আর্তনাদ।
আমাকে রেখে গেছে,
কয়েকটি অসমাপ্ত বাক্যের মতো—
সময়ের প্রান্তে,
ধুলোমাখা কোনো পুরোনো পান্ডুলিপির পাশে।
এখন আর,
কারো প্রিয় হয়ে ওঠার তীব্র আকাঙ্ক্ষা নেই।
কেউ অপেক্ষা করুক,
কেউ ফিরে তাকাক—
এমন প্রার্থনাও, বহু আগেই নিঃশেষ হয়েছে।
এখন আমার সবচেয়ে দীর্ঘ আলাপ,
নীরবতার সঙ্গে।
আমাদের মধ্যে, এক গোপন সন্ধি হয়েছে—
সে, আমার সব না-বলা কথা আগলে রাখে,
আমি তার নিঃশব্দ গভীরতায়,
প্রতিদিন, একটু একটু করে ডুবে যাই।
তবু কখনো কখনো,
রাতের শেষ প্রহরে
মনে হয়—
যদি কেউ একবার,
আমার ভেতরের মানুষটাকে পড়ত,
তবে হয়তো বুঝতে পারত,
আমি হারিয়ে যাইনি,
আমি শুধু—
কোনো এক অসমাপ্ত ভালোবাসার,
শেষ না-লেখা পৃষ্ঠায়,
এখনও অপেক্ষা করে আছি।
=======“অপূর্ণ অধ্যায়”=======
আরো পড়ুন... পথটুকু অল্পই ছিলো || অব্যক্ত প্রতীক্ষা || রাত ততটা গভীর নয় || একটুখানি সময় হবে? || যখনই তোমার কথা মনে পড়ে... ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন