একটা জীবন পার করে দিলাম
কে এম মন্জুর হোসেন খান ||
আমি বললাম—
"একটা জীবন পার করে দিলাম..."
তুমি হেসে বললে—
"ওটা কবিতার ভাষা,
কবিতাতেই মানায়।
বাস্তবতা চিন্তা করলে হাসি পায়...
আপনি পারেনও বটে!"
হয়তো ঠিকই বলেছিলে,
বাস্তব বড় হিসেবি—
সে ভালোবাসার আয়ু মাপে না,
মাপে শুধু লাভ-লোকসানের খতিয়ান।
তবু বলো তো,
যে রাতগুলো তোমার নামেই ভোর হলো,
যে স্বপ্নগুলো তোমার অপেক্ষায় ধুলো হলো,
সেগুলো কি শুধু
কবিতার কয়েকটি পঙ্ক্তি ছিল?
যে নীরবতা বুকের ভেতর
প্রতিদিন একটু একটু করে মরেছে,
যে দীর্ঘশ্বাসগুলো
হাসির আড়ালে লুকিয়ে রেখেছি,
সেগুলোও কি কেবল
ছন্দের অলংকার?
তুমি বাস্তব দেখেছ,
আমি অনুভব।
তুমি সময় গুনেছ,
আমি প্রতীক্ষা।
তুমি যুক্তি খুঁজেছ,
আমি মানুষটাকেই খুঁজেছি।
তাই আজও লিখি—
"একটা জীবন পার করে দিলাম..."
কবিতা ভেবে যদি হেসে ওঠো,
হেসো।
কারণ কিছু মানুষের কাছে
একটা জীবন কেবল একটি বাক্য,
আর কিছু মানুষের কাছে—
সেই একটি বাক্যই
পুরো একটি জীবন।
আরো পড়ুন... এটা তোর কেমন তর প্রেম! || মেঘকণা || অপেক্ষার শেষ প্রহর || আচ্ছা, পরে কথা হবে || উপহাসের পাত্র || ভালো আছি ||

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন