মেঘকণা - কে এম মন্জুর হোসেন খান

মেঘকণা
কে এম মন্জুর হোসেন খান ||
 
মেঘকণা - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

মেঘকণা-
ফুল ভেবে যতন করে
নিয়েছিলাম ডোরে,
ভালোবেসে স্বপ্ন এঁকেছি
নতুন আশার ভোরে।
 
সবটুকু সুখ কেড়ে নিয়ে
সুখেই আছ তুমি,
আমি শুধু নির্ঘুম রাতে
ভাঙা স্বপ্ন বুনি।
 
তুমি, রংধনুর সাতটি রঙ,
শীতের ভোরের শিশির।
তুমি, নদীর জলে মেঘের ছায়া,
উষার আলোয় তিমির।
 
তুমি, ভালোবাসার প্রথম ছোঁয়া,
প্রণয়ের গোপন ভাষা।
তুমি, হৃদয়জোড়া উত্তাল ঢেউ,
অনুভূতি ময় আশা।
 
তুমি—
গ্রীষ্মের আকাশে মেঘের খেলা,
শ্রাবণের প্রথম বৃষ্টি।
তুমি, নিঃশব্দ বিকেলের হাওয়ায়
ভেসে আসা সুরের সৃষ্টি।
 
তুমি, কাশফুলের শুভ্র হাসি,
হেমন্তের সোনালি ক্ষণ।
তুমি, চাঁদ হারানো নীল আকাশে
অপেক্ষার অনুক্ষণ।
 
তুমি, সন্ধ্যাতারার মৃদু আলো,
নিভে যাওয়া প্রদীপের শিখা।
তুমি, দূর দিগন্তে ভাসা মেঘ,
আমার অপ্রকাশিত লেখা।
 
তুমি এলে হৃদয় জুড়ে
বসন্তেরই উৎসব নামে,
তুমি গেলে নিঃসঙ্গতার
শীত নেমে আসে থেমে থেমে।

আজও যদি ফিরে তাকাও,
চিনবে কি সেই মানুষটাকে?
যে তোমার নামের অক্ষর দিয়ে
প্রতিদিন কবিতা লিখে।

যদি কোনোদিন দেখা হয়,
কোনো কথা বলো না—
মেঘকণা হয়ে একটুখানি
আমার আকাশে ভেসো না।

কারণ,
ভালোবাসা কখনো দাবি নয়,
সে তো নিঃশব্দ প্রার্থনা।
তুমি যদি আকাশ হয়ে থাকো,
আমি হবো চিরদিন-
তোমারই হারিয়ে যাওয়া
এক ফোঁটা মেঘকণা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ