Pages

১৯ জুলাই, ২০২৬

রাত ততটা গভীর নয় - কে এম মন্জুর হোসেন খান

রাত ততটা গভীর নয়
কে এম মন্জুর হোসেন খান ||
রাত ততটা গভীর নয় - কে এম মন্জুর হোসেন খান  | Onuvutir Kobita অনুভূতির কবিতা

রাত ততটা গভীর নয়,
যতটা গভীর
তোমাকে না-পাওয়ার নীরবতা।

চাঁদ এখনো আকাশে আছে,
তারারাও জেগে-
শুধু, আমার জানালার পাশে
তোমার অনুপস্থিতি;
সব আলো গিলে খায়।

ঘড়ির কাঁটা এগিয়ে চলে,
সময় থেমে থাকে না-
থেমে থাকে শুধু;
একটি নাম,
যাকে, প্রতিরাতে
মনে মনে ডেকে যাই।

বাতাস এসে
পর্দা ছুঁয়ে যায়,
আমি ভাবি-
হয়তো এই স্পর্শেই,
তোমার কোনো খবর লুকিয়ে আছে।

কত কথা জমে আছে,
কত অনুভূতি
নিঃশব্দে শুকিয়ে যায়।
তবু একটি বারও
তোমাকে বিরক্ত করি না-
ভালোবাসা যদি, সত্যিই ভালোবাসা হয়,
তবে সে অপেক্ষাও জানে।

রাত ততটা গভীর নয়,
ভোরও খুব বেশি দূরে নয়।
তবু আমার হৃদয়ের ভেতর,
একটি দীর্ঘ রাত।
এখনো শেষ হয় না।

কারণ,
অন্ধকার আকাশে নয়,
অন্ধকার জমে আছে-
তোমাকে হারানোর পর
আমার বুকের ভেতর।


আরো পড়ুন... 
একটা জীবন পার করে দিলাম || অবহেলার পাঠশালা || সব ঋতুই এলো, তুমি এলে না || পথটুকু অল্পই ছিলো || অব্যক্ত প্রতীক্ষা ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন