শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পথটুকু অল্পই ছিলো - কে এম মন্জুর হোসেন খান

পথটুকু অল্পই ছিলো
কে এম মন্জুর হোসেন খান ||
পথটুকু অল্পই ছিলো - কে এম মন্জুর হোসেন খান । Onuvutir Kobita “অনুভূতির কবিতা”

পথটুকু অল্পই ছিলো...
পাহাড়ের বুক চিরে,
ঝর্ণার কোল ঘেঁষে
তোমার-আমার পথচলা।

শৈলের নীরব বুকে
প্রতিধ্বনি হয়ে ফিরেছিল
আমাদের কিছু না-বলা কথা,
আর ঝর্ণার সুরে
হারিয়ে গিয়েছিল
হাজারও অব্যক্ত অনুভব।

পথ ছিল ক্ষণিক,
তবু সেই অল্প পথেই
একটি জীবনের সমান
স্বপ্ন বুনেছিলাম।
ভাবিনি,
গন্তব্যের আগেই
হাতটা ছেড়ে যাবে তুমি।

আজও সেই পাহাড়
অবিচল দাঁড়িয়ে আছে,
ঝর্ণাও গেয়ে চলে
তার চিরচেনা গান।
শুধু বদলে গেছে
আমাদের পাশাপাশি হাঁটার ইতিহাস।

এখন আমি একাই হাঁটি,
সেই পুরোনো পথের ধারে।
পাথরেরাও যেন
তোমার নাম জানে,
বাতাসও আজও
তোমার গন্ধ খুঁজে ফেরে।

কখনো মনে হয়,
পথটা যদি আরেকটু দীর্ঘ হতো,
হয়তো বিদায়ের
এত তাড়া থাকত না।
হয়তো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে
শেষবারের মতো
তোমার চোখে
নিজেকে দেখে নিতে পারতাম।

তাই আজও মনে হয়—
দীর্ঘ ছিল না পথ,
দীর্ঘ ছিল তার স্মৃতি।
আর সেই স্মৃতির ভারেই
আজও আমি
একটি অসমাপ্ত পথের
একাকী পথিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages