৩০ আগস্ট, ২০২৬

একদিন বুঝবে - কে এম মন্জুর হোসেন খান

একদিন বুঝবে
কে এম মন্জুর হোসেন খান ||
একদিন বুঝবে - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita "অনুভূতির কবিতা"

ক্ষমা করে দিও আমায়,
তোমার হৃদয়ে
স্থায়ী কোনো দাগ কাটতে পারিনি বলে।
হয়তো আমার উপস্থিতি
তোমার জীবনের গল্পে
একটি ক্ষণিক অধ্যায় হয়েই রয়ে গেল।

হয়তো আমার কথাগুলো
তোমার মনে কোনো ঢেউ তুলেনি,
আমার নীরব অপেক্ষা গুলোও
তোমার চোখে
কোনো অর্থ খুঁজে পায়নি।

তবু কোনো অভিযোগ নেই—
সব মানুষ তো আর
সব মানুষের হৃদয়ে
সমানভাবে জায়গা করে নিতে পারে না।

আমি শুধু আমার মতো করেই
তোমাকে অনুভব করেছিলাম,
কোনো হিসাব ছাড়া,
কোনো পাওয়ারর প্রত্যাশা ছাড়া।

হয়তো আজ
আমার চলে যাওয়াটাই তোমার কাছে
একটুখানি স্বস্তির;
হয়তো আমার অনুপস্থিতি
কোনো শূন্যতাই তৈরি করবে না।

কিন্তু সময়—
সে বড় অদ্ভুত সাক্ষী।
আজ যে মানুষটাকে
সহজেই ভুলে যাওয়া যায়,
কখনো কখনো তার স্মৃতিই
নিঃশব্দ রাতে
সবচেয়ে বেশি ফিরে আসে।

হয়তো কোনো একদিন
হঠাৎ পুরোনো কোনো স্মৃতি
তোমার সামনে এসে দাঁড়াবে,
আর তুমি থমকে গিয়ে ভাববে—
“মানুষটা তো
সত্যিই একটু আলাদা ছিল!”

সেদিন হয়তো
আমি তোমার পাশে থাকব না,
শুনবও না তোমার সেই স্বীকারোক্তি।

তবু দূর কোনো আকাশের নিচে
নিঃশব্দে হেসে উঠব—
কারণ কিছু অনুভূতির
প্রমাণ দিতে হয় না,
সময় নিজেই একদিন
তার সাক্ষ্য দিয়ে যায়।

আজ না হয় চিনতে পারোনি,
আজ না হয় বুঝতে পারোনি—
একদিন তুমি নিজেই বলবে,
“মানুষটা সবার মতো ছিল না,
সে সত্যিই
সবার থেকে একটু আলাদা ছিল।”

======="একদিন বুঝবে"=======


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages