শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মেঘের কাছে রেখে এলাম - কে এম মন্জুর হোসেন খান

মেঘের কাছে রেখে এলাম
কে এম মন্জুর হোসেন খান ||
মেঘের কাছে রেখে এলাম - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita "অনুভূতির কবিতা"

আমার মন খারাপের কথা
কাকে বলি, কে-ই বা শোনে—
কত কথা যে থাকে জমা
নিঃশব্দ রাতই শুধু জানে।

জানালার পাশে বসে থাকি, একা
দূর আকাশের পানে চেয়ে—
মেঘগুলোও আজ কেমন যেন
আমার মতোই যায় ভেসে।

কিছু ব্যথা নামহীন থাকে,
কিছু কথা হয় না বলা,
হৃদয় জুড়ে বৃষ্টি নামে,
চোখের কোণে মেঘমালা।

দুই চোখে যে ঢেউ উঠেছে,
তারও নেই কোনো ঠিকানা—
কোন্‌ অচেনা স্রোতের টানে
ভেসে যাই, জানি না জানা।

তাই তো আজ এই নীল আকাশে
আমার যত না-বলা কথা,
মেঘের হাতে তুলে দিলাম—
হয়তো বুঝবে আমার ব্যথা।

কেউ না জানুক, কেউ না বুঝুক,
তবু মনটা চুপটি করে—
একলা আকাশ, একলা মেঘের
সঙ্গেই আজ গল্প করে।

=======মেঘের কাছে রেখে এলাম=======

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages