চিঠি(The love letter), কে এম মন্জুর হোসেন খান

 চিঠি (The love letter)
কে এম মন্জুর হোসেন খান ||
চিঠি(The love letter) - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

সখি,
তুমি কি ভালোবাসার গল্প জান?
 
তুমি জান কি,
আকাশের ভালোবাসা মেঘের সনে!
বারবার যায় ঝরে, তবুও-
আবার ফিরে ফিরে আসে।
 
তুমি জান কি,
শিশিরের ভালোবাসা ভোরের সাথে!
উদয়ের সাথে হারিয়ে যায়, তবু;-
বারবার ফিরে ফিরে আসে।
 
তুমি জান কি,
কদমের ভালোবাসা বর্ষার সাথে!
বর্ষাস্নানে যার জীবনের ইতি,
তবু, বর্ষাতেই সে ফোটে।
 
তুমি জান কি,
রংধনুর ভালোবাসা সূর্যের সাথে!
আলোতেই যার রূপ ঝলকায়,
অথচ, আলোতেই যায় মিশে।
 
তুমি জান কি,
ঝর্ণার ভালোবাসা নদীর সাথে!
মিলনেই যার সমাধি,
তবুও, ছুটে যায় সে রুদ্ধশ্বাসে।
 
তুমি জান কি,
সাদার(রং) ভালোবাসা কালোর সাথে!
অথচ, সাদার আছে পূর্ণতা,
আর কালো থাকে শূণ্যতে।
 
তুমি জান কি,
তোমাকে কতটা ভালোবাসি!
তুমি এড়িয়ে চল রাতের মতন;-
আর আমি? ছায়া হয়ে ফিরে আসি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ