Pages

রবিবার, ৫ জুলাই, ২০২৬

উপেক্ষার ওপারেও - কে এম মন্জুর হোসেন খান

উপেক্ষার ওপারেও
কে এম মন্জুর হোসেন খান ||
উপেক্ষার ওপারেও - কে এম মন্জুর হোসেন খান | Onuvutir Kobita

ধন্যবাদ...

ধন্যবাদ,
আমি হয়তো উপলব্ধি করেছি,
তোমার ব্যস্ত জীবনের ভিড়ে
আমার মূল্য কতটুকু।

তবু তোমাকেই ভাবব,
প্রতিটি ভোরে,
প্রতিটি নীরব সন্ধ্যায়,
এবং অকারণ বৃষ্টির প্রতিটি ফোঁটায়।

আর কী-ই বা করার আছে!
আমি এমনই—
উপেক্ষার দেয়ালে বারবার
নিজের অনুভূতিগুলো লিখে যাই।

জানি,
আমার অপেক্ষার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই,
আমার ডাক
আর তোমার কানে পৌঁছায় না।

তবু হৃদয়টি বড়ই অবাধ্য,
হাজারবার নিষেধ সত্ত্বেও
তোমার দিকেই ছুটে যায়।

হয়তো একদিন
আমার অনুপস্থিতিই
তোমার কাছে সবচেয়ে স্বাভাবিক হয়ে উঠবে,
আর আমার সব কথাই
সময়ের ধুলোয় হারিয়ে যাবে।

তবু শেষবারের মতো বলি—
ভালো থেকো।
কারণ, ভালোবাসা
শুধু পাওয়ার নাম নয়;
কখনো কখনো
নিঃশব্দে হারিয়ে গিয়েও;
কারও মঙ্গল কামনা করে যাওয়ার নাম।

আর আমি...
তোমাকে ভালোবেসে
এখনও আগের মতোই
একটু নির্লজ্জ রয়ে গেলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন